মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কেস্টি মৌজায় রাতের আঁধারে তিন ফসলি কৃষিজমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে ঢাকার ধামরাই উপজেলার বক্কার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবে মাটি কাটার কারণে এলাকার কয়েকশ বিঘা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় উদ্বেগের পাশাপাশি জমি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষক ও জমির মালিকরা।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে কেস্টি মৌজার বিভিন্ন স্থানে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে। গত ১৫ নভেম্বর রাতে সরেজমিন অনুসন্ধানে গিয়ে অন্তত পাঁচটি স্থানে মাটি কাটার কার্যক্রম দেখতে পান গণমাধ্যমকর্মীরা।
অভিযোগ রয়েছে, এসব জমি থেকে মাটি কেটে ১০ চাকার ভারী ট্রাকে করে ঢাকার ধামরাই উপজেলায় নিয়ে বিক্রি করা হচ্ছে। কোনো কোনো জমিতে প্রায় ২০ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে পাশের জমির মাটি ধসে পড়ছে এবং একের পর এক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসীর দাবি, মাটি কাটার কারণে শুধু ফসলি জমির ক্ষতিই হচ্ছে না, কৃষকদের জীবিকা ও এলাকার কৃষিনির্ভর পরিবেশও হুমকির মুখে পড়েছে। এমনকি মাটি কাটায় বাধা দিতে গিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে। তবে মামলা ও অভিযোগের পরও মাটি কাটার কার্যক্রম বন্ধ হয়নি বলে দাবি এলাকাবাসীর।
অভিযুক্ত বক্কারের দুটি ইটভাটা রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন। এর একটি আটিগ্রাম ইউনিয়নের মাল্টিয়া চকে এবং অন্যটি ঢাকার ধামরাই উপজেলায় অবস্থিত। তাঁদের অভিযোগ, মানিকগঞ্জ থেকে কেটে নেওয়া মাটি এসব ইটভাটাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
এদিকে অতিরিক্ত ওজন নিয়ে চলাচলকারী ভারী ট্রাকের কারণে এলাকার গ্রামীণ সড়ক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সড়ক ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ বাড়ছে।
মাটি কাটার বিষয়ে অভিযুক্ত বক্কারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাতের আঁধারে চুরি করে মাটি কাটার কথা স্বীকার করেন বলে সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের দাবি। কথোপকথনে তিনি মানিকগঞ্জ সদর থানার এক পুলিশ সদস্যের সঙ্গে পরিচয় এবং তাঁকে বিভিন্নভাবে সহযোগিতা করার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে কথোপকথনের কল রেকর্ড সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাটি কাটার খবর পেয়ে পুলিশ প্রশাসনসহ একাধিকবার অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযানের খবর আগেই অভিযুক্তদের কাছে পৌঁছে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কীভাবে এই তথ্য ফাঁস হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, একাধিকবার পুলিশ প্রশাসনকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কার্যকরভাবে মাটিবাহী ট্রাক জব্দ কিংবা জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী জমির মালিকদের আশঙ্কা, অবিলম্বে মাটি কাটা বন্ধ করা না গেলে তাঁদের অবশিষ্ট কৃষিজমি এমনকি বসতবাড়িও ঝুঁকির মুখে পড়বে। তাঁরা কৃষিজমি রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা, মাটি কাটা বন্ধ, হামলার অভিযোগ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের প্রশ্ন, একাধিক মামলা ও অভিযোগ থাকার পরও কীভাবে দীর্ঘদিন ধরে কৃষিজমি ধ্বংসের এই কর্মকাণ্ড চলছে? কৃষিজমি রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকার কৃষক ও জমির মালিকরা।