চট্টগ্রাম বন্দরে হঠাৎ করেই দেখা দিয়েছে অচলাবস্থা। জেটিতে ক্রেন বন্ধ করে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেছেন শত শত শ্রমিক। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র চট্টগ্রাম বন্দরের দুটি প্রধান কনটেইনার টার্মিনালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে জাহাজ থেকে পণ্য ওঠানামা, কনটেইনার খালাস ও পরিবহন কার্যক্রম।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। ক্রেন বন্ধ রেখে জেটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাঁরা। শুধু এনসিটি ও সিসিটি নয়, তাঁদের সঙ্গে কর্মবিরতিতে যোগ দিয়েছেন জেনারেল কার্গো বার্থের (জিসিবি) শ্রমিকেরাও। ফলে কর্মবিরতির পরিধি আরও বিস্তৃত হয়েছে।
এই কর্মসূচির সরাসরি প্রভাব পড়েছে বন্দরের পণ্য ওঠানামায়। জাহাজ থেকে আমদানি পণ্যভর্তি কনটেইনার নামানো এবং রপ্তানি পণ্যভর্তি কনটেইনার জাহাজে তোলার কাজ বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দর থেকে আমদানি পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমেও তৈরি হয়েছে সংকট।