ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ও মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক, নাজমুল হুদা রিপনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার কৃষকদের কল্যাণে নানামুখী প্রণোদনা দিয়ে যাচ্ছে। সরিষা ও মসুর আবাদ বৃদ্ধি পেলে একদিকে যেমন কৃষক লাভবান হবে । অন্যদিকে দেশে ভোজ্যতেল ও ডালের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে বীজ বপনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
পরে উপকারভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুর বীজ এবং সার বিতরণ করা হয়।