বিয়ে একটি পরিবারের আনন্দ, উৎসব ও আবেগের উপলক্ষ। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের উপস্থিতিতে এমন আয়োজন হয়ে ওঠে মিলনমেলা। কিন্তু সেই আনন্দঘন আয়োজন যদি এক মুহূর্তে অসুস্থতা, আতঙ্ক আর মৃত্যুর ঘটনায় পরিণত হয়, তাহলে এটি শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয়।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ভাবিয়ে তুলেছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে বর-কনেপক্ষের অর্ধশতাধিক অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি। অন্যরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিকভাবে অসুস্থতার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে খাবারের বিষয়টি সামনে এসেছে। কয়েকজন অতিথির অভিযোগও তুলেছে খাবারের মান ও রান্নার প্রস্তুতিতে ত্রুটি ছিল। তবে কি কারণে এত মানুষ অসুস্থ হলো, তা পরীক্ষা-নিরীক্ষা ও যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ, অনুমান কখনো পরীক্ষা নিরীক্ষা, বা তদন্তের বিকল্প হতে পারে না।
কিন্তু এ ঘটনাকে বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা হিসেবে দেখারও সুযোগ নেই। আমাদের দেশে বিয়ে, সামাজিক অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, রাজনৈতিক সমাবেশ কিংবা বিভিন্ন উৎসবে একসঙ্গে অনেক মানুষের খাবারের আয়োজন করা হয়। এসব আয়োজনে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে কতটা স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
অনেক সময় স্বল্প খরচে বেশি মানুষের খাবারের ব্যবস্থা করতে গিয়ে উপকরণের মান, রান্নার পরিবেশ এবং খাবার সংরক্ষণের বিষয়গুলো উপেক্ষিত হয়। রান্নার কাজে নিয়োজিত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশুদ্ধ পানি ব্যবহার, খাবার যথাযথভাবে রান্না ও সংরক্ষণ করা কতটা জরুরি, তা অনেক আয়োজকের কাছেই গুরুত্ব পায় না। অথচ কয়েকশ মানুষের খাবারের আয়োজন মানে কয়েকশ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্ব নেওয়া।
নিকলীর এই হৃদয় বিদারক ঘটনায় আরও একটি বিষয় সামনে এসেছে। অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংকট দেখা দিয়েছে। রোগীদের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের সংকট না থাকলেও শয্যাসংকট যে জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্যসেবার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, তা এ ঘটনায় স্পষ্ট।
এখানে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে খাবারের নমুনা সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা করা দরকার। খাবার প্রস্তুত ও সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাথে কথা বলা, পাশাপাশি আয়োজকদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা উচিত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে জনসচেতনতামূলক উদ্যোগ প্রয়োজন।
তবে এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তদন্ত ছাড়া দায়ী করা ঠিক হবে না। প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই হওয়া উচিত সঠিক পদ্ধতি।
আমাদের মনে রাখতে হবে, খাবার মানুষের জীবনধারণের অপরিহার্য উপাদান। সেই খাবারই যদি মানুষের অসুস্থতা কিংবা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টি নিশ্চয় অসতর্কতা হিসেবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা শুধু আয়োজকের দায়িত্ব নয়, এটি জনস্বাস্থ্য সুরক্ষারও গুরুত্বপূর্ণ অংশ।
নিকলীর বিয়ের অনুষ্ঠানের এই মর্মান্তিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি। একটি বিয়ের আয়োজনের আনন্দ যেন আর কোনো পরিবারের কান্নার কারণ না হয়। মানুষের জীবনের চেয়ে কোনো আয়োজন, লোকদেখানো আড়ম্বর কিংবা অর্থ সাশ্রয় বড় হতে পারে না।
কিন্তু প্রশ্ন হলো, এমন ঘটনার পর আমরা কি শুধু শোক প্রকাশ করেই দায়িত্ব শেষ করব, নাকি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব?