দীর্ঘদিনের অবহেলা, দখল ও নাব্যতা সংকটে অস্তিত্ব হারাতে বসা নেত্রকোনার ঐতিহ্যবাহী মগড়া নদীকে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বাস্তবায়নের পথে এগিয়ে গেল নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়া নদীর তীরে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
একসময় মগড়া নদী ছিল নেত্রকোনার অর্থনীতি, যোগাযোগ ও জনজীবনের অন্যতম প্রাণকেন্দ্র। নদীর বুকে পালতোলা নৌকা, স্টিমার ও লঞ্চের চলাচলে মুখর থাকত পুরো এলাকা। নদীপথে পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এই নদী। সময়ের পরিক্রমায় সেই চেনা দৃশ্য আজ অনেকটাই হারিয়ে গেছে।
দখল, দূষণ, পলি জমে ভরাট হওয়া এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে নদীটির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। কোথাও সংকুচিত হয়েছে নদীর গতিপথ, কোথাও হারিয়েছে গভীরতা। ফলে একসময়ের প্রাণবন্ত মগড়া নদী এখন অস্তিত্ব সংকটের মুখে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে নেওয়া হয়েছে নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, নাব্যতা ফিরিয়ে আনা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং নদীর পরিবেশগত উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন, হাঁটার পথ নির্মাণ, বৃক্ষরোপণ ও আলোকায়নের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে নদীকে ঘিরে নতুন পরিবেশবান্ধব নগরজীবন গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
তবে নদীর প্রকৃত পুনরুজ্জীবন শুধু খননকাজের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ফেলা বন্ধ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
নেত্রকোনার মানুষের প্রত্যাশা, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে মগড়া নদী আবারও ফিরে পাবে তার হারানো সৌন্দর্য ও স্বাভাবিক প্রবাহ। নদীর দুই তীরে গড়ে উঠবে পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ, সৃষ্টি হবে বিনোদন ও অবকাশযাপনের নতুন সুযোগ। একই সঙ্গে নদীকেন্দ্রিক ঐতিহ্য ও পরিবেশ সংরক্ষণেও তৈরি হবে নতুন সম্ভাবনা।
মগড়া নদীর পুনরুজ্জীবন তাই কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়; এটি নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীর্ঘদিনের প্রত্যাশা যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ নেয়—এমনটাই প্রত্যাশা জেলাবাসীর।
মগড়া নদী আবারও প্রবহমান হোক, ফিরে আসুক তার হারানো প্রাণ—এই স্বপ্ন এখন নেত্রকোনার মানুষের।