হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি।
শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে মাধবপুর পৌরসভার স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাধবপুরের জগদীশপুর এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে গাঁজা নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে রওনা হয়েছে একটি চক্র। পরে মহাসড়কের স্টেডিয়াম পাড়ার পশ্চিম পাশে চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে সন্দেহভাজন কাভার্ডভ্যানটিকে থামার সংকেত দিলে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযানিক দলের সদস্যরা তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। এরপর ভ্যানটিতে তল্লাশি চালিয়ে তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি প্যাকেটে মোড়ানো ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।