সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের হরিরামপুর থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দেবাশীষ সরকার (৩৭) ও রাব্বি তালুকদার (১৮)। দেবাশীষ সরকার হরিরামপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং রাব্বি তালুকদার কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ও সক্রিয় কর্মী।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে উপজেলার চালা ইউনিয়নের লাউতা ও পশ্চিম খলিলপুর গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
দেবাশীষ সরকার লাউতা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র চন্দ্র সরকার ও শান্তি লতা সরকারের ছেলে। অন্যদিকে রাব্বি তালুকদার পশ্চিম খলিলপুর গ্রামের গুলজার হোসেন ও নাজমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, হরিরামপুর থানার এফআইআর নম্বর-১০, তারিখ ৩০ অক্টোবর ২০২৪-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।