শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের |গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের ধৈর্য ধারণ করে শান্ত থাকার এবং নিজ নিজ কর্মস্থলে ফিরে কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই আহ্বান জানান মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, নতুন বাংলাদেশে সরকার চাইলেও শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
দেশের প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিকের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চ। আতিকুর রহমান জানান, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে এরই মধ্যে মজুরি বোর্ড গঠিত হয়েছে এবং দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় শ্রমিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি তুলে ধরা হয়েছে। বর্তমানে মজুরি বোর্ডের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দর-কষাকষির পর্যায়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আতিকুর রহমান শ্রমিকদের সতর্ক করে বলেন, এই সময়ে বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে বিক্ষোভ বা কারখানার উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। কোনো স্বার্থান্বেষী মহলের ইন্ধনে পা না দিয়ে শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন তিনি। তিনি আরও বলেন, কথায় কথায় সড়ক অবরোধ বা কর্মস্থলে অনুপস্থিত থাকলে মালিকপক্ষ আইন অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করতে পারে, যা শ্রমিকদের আর্থিক ক্ষতির কারণ হবে এবং মজুরি প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি করবে।
মালিকপক্ষকেও সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে আতিকুর রহমান বলেন, শ্রমিকদের হয়রানি বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। তিনি শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, ন্যায্য মজুরি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত মঞ্চ মাঠে থাকবে। সরকার বা মালিকপক্ষ প্রতিশ্রুতি রক্ষা না করলে পরবর্তীতে বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি সরকারের প্রতি অনুরোধ জানান যেন আন্দোলন-সংক্রান্ত ঘটনায় গ্রেপ্তারকৃত শ্রমিক ও নেতাদের দ্রুত মুক্তি ও জামিনের ব্যবস্থা করা হয় এবং নিরপরাধ কাউকে হয়রানি না করা হয়।
সভায় মঞ্চের সদস্য সচিব সাইদা সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও কামরুন নাহার, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাসির, সমন্বয়ক সোহেল রানা মিঠু, আব্দুর রহিম, আব্দুল মোমিনসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।