পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ, বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ও বিকেলে দুই পর্বে আয়োজিত এসব অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সামাজিক অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হলে প্রত্যেক শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মানসিকতার পরিবর্তন জরুরি। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের পরিশুদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, একজন সৎ মানুষ সব জায়গায় সম্মান পান। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। জীবনমান উন্নয়নে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাশ্রয়ী মানুষই জীবনে উন্নতি করতে পারেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যত বড় শিক্ষিত হও কিংবা যত বড় লক্ষ্যই অর্জন করো না কেন, সবার আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার মধ্য দিয়েই নিজের মেধা ও যোগ্যতার প্রকৃত বিকাশ ঘটানো সম্ভব।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২০২৪-এর চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে অন্যায়, দুর্নীতি, রাহাজানি ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশ-জাতির কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সকালের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা উপজেলা পরিষদের গভর্নিং বডির সভাপতি ও বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস পারভীন মৌসুমী। বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি ও গভর্নিং বডির সদস্য মো. আব্দুল মান্নান, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গভর্নিং বডির সদস্য দিলরেজা ফেরদৌস চিন্ময়।
সভাপতিত্ব করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম।
বিকেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল মান্নান ও দিলরেজা ফেরদৌস চিন্ময়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি নার্গিস পারভীন মৌসুমী।
এ সময় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আশরাফুল আলম বলেন, শিক্ষক হিসেবে তাঁদের প্রত্যাশা, শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে। এ লক্ষ্য নিয়েই তাঁরা কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া অতিথিদের সম্মাননা এবং বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদার রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ও রায়হানুল আলম প্রধান রিয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগমসহ মহাবিদ্যালয়ের প্রভাষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।