মেয়র-প্রশাসক হিসেবে শাহাদাতের নেতৃত্বে চসিকের দুই বছরের অগ্রযাত্রা উদযাপন । আট মাসে চট্টগ্রামের যা উন্নয়ন হয়েছে ১০ বছরেও আওয়ামী লীগ তা করতে পারেনি।নগরীর যেকোনো সমস্যা সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিডিএ, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, শাহাদাত হোসেন (চসিক প্রশাসক) একা চাইলেই চট্টগ্রামকে সবকিছু করে দিতে পারবেন না। এটা একটি সমন্বিত এফোর্ট। যদি নগরে সমস্যা হয়, সেইটা যার ডিপার্টমেন্টেই হোক না কেন, সকলে সমন্বিতভাবে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে সেটি সমাধান করতে হবে। এখানে যদি সংসদ সদস্য হিসেবে আমাদের কোনো রোল থাকে, রাজনৈতিক কর্মী হিসেবে যদি আমাদের কোনো রোল থাকে, অবশ্যই সেখানে আমরা সম্পৃক্ত হব এবং এই সমস্যাগুলোকে সমাধান করতে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।
১৪ নভেম্বর শনিবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন একটি কনভেনশন হলে মেয়র ও প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে চসিকের দুই বছরের অগ্রযাত্রা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অতিথি ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। স্বাগত বক্তব্য রাখেন চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন।
শাহাদাতকে উদ্দেশ্য করে মীর হেলাল বলেন, ভাই, আপনি চট্টগ্রামের জন্য অতীতে অনেক করেছেন, এখনো করছেন। ইনশাআল্লাহ আগামীতে চট্টগ্রামবাসী আপনাকে অবশ্যই সম্মানিত করবে, আপনার ভালোবাসার প্রতিদান আপনাকে দেবে। তিনি বলেন, আমাদের চট্টগ্রামে শীঘ্রই অনেকগুলো জনকল্যাণকর, জনহিতকর বড় বড় প্রকল্প চালু হবে। যেগুলো শুধু নগরবাসী নয়, এই চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের জনসাধারণ উপকৃত হবে এবং চট্টগ্রাম সমাদৃত হবে। সরকারের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সরকারের প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা এই আট মাস বা তার অল্প–বেশি সময় ধরে যে উন্নয়ন চট্টগ্রামের জন্য করেছি, এটা অতীতে ১০ বছরেও অবৈধ আওয়ামী শাসনামলে তারা করতে পারেনি।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, আমাদের সরকারের প্রতিটি কর্মকাণ্ড নিজের ফেইসবুক বা ইনস্টাগ্রাম থেকে দিতে হবে। দিনে পাঁচটা পোস্ট হলেও যেন দলের পক্ষে এবং সরকারের পক্ষে আমরা দেই এবং জনগণকে জানাই, তারেক রহমানের সরকার সব সময় জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে।
মীর হেলাল বলেন, আমাদের প্রশাসক সুন্দর সফটওয়্যার করেছেন ‘আমাদের চট্টগ্রাম’। এটায় আপনারা কেউ রেজিস্টার করেছেন? করেন নাই, দশ পার্সেন্টও করেন নাই। রেজিস্টার করবেন। এই যে আমাদের সরকারের পক্ষ থেকে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়, এগুলো কিন্তু আমরা নিজেরাই ব্যবহার করি না, মানুষকে জানানো তো দূরের কথা, প্রচারও করতে বিমুখ।
তিনি বলেন, কয়েকদিন আগে প্রশাসকের সাথে বসেছিলাম। আমার সংসদীয় আসনের দুটি ওয়ার্ড উনার অধীনস্থ ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী এবং ২ নং জালালাবাদ ওয়ার্ড। উনারা আমাকে যে কার্যবিবরণী দিলেন তাতে অলমোস্ট দুইটা ওয়ার্ডে রাফলি ১০০ কোটি টাকার কাছাকাছি কাজ হয়েছে। কিন্তু আমরা কেউই তা প্রচার করি নাই। যে পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যে পক্ষটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যে পক্ষটি বলতে চায় উন্নয়ন হচ্ছে না; আমরা কিন্তু তাদের ইনডাইরেক্টলি সহযোগিতা করছি এগুলো প্রচার না করে।
তিনি বলেন, সরকারের স্বার্থে অর্থাৎ প্রধানমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেটিকে জনগণের সামনে তুলে ধরার স্বার্থে নিজেদের মধ্যে রাজনৈতিক যদি কোনো মনোমালিন্য থেকেও থাকে, সেটির ঊর্ধ্বে উঠে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো প্রচার করতে হবে। বিশেষ করে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ এবং সিডিএ এই তিনটি জায়গায় দলের নিবেদিতপ্রাণ এবং সুযোগ্য নেতৃত্ব এখানে নেতৃত্ব দিচ্ছেন, সরকারের প্রতিনিধিত্ব করছেন। সরকারের সকল কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি এই তিনটি সংস্থার কর্মকাণ্ডগুলো আমরা প্রচার করে নগরবাসীকে সেই স্বস্তি দেব যে, আমরা নির্বাচনের আগে, আমাদের এমপি সাহেবরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ছোট ছোট ভাগ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও বাস্তবায়ন করব।
মীর হেলাল বলেন, ‘ওয়ান সিটি টু টাউন’ একটা কনসেপ্ট, উনি (শাহাদাত) আমাদের সাথে ডিসকাস করেছেন। আমি প্রধানমন্ত্রীর সাথে ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কনসেপ্ট যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে রিনিউয়েবল এনার্জি বলেন, পাখিদের জন্য অভয়াশ্রম বলেন এবং রিক্রিয়েশন পার্ক বলেন, খুব সুন্দর একটি ব্যবস্থাপনা এই সিটি কর্পোরেশনের মাধ্যমে চট্টগ্রামবাসীকে, বিশেষ করে নগরবাসীকে উপহার দিতে পারব।
নগরের ফুটপাত দখল ও যানজট প্রসঙ্গে মীর হেলাল বলেন, চট্টগ্রামে এই ফুটপাতে হকার বসা ও যানজট একটা বড় সমস্যা। জলাবদ্ধতা নিয়ে অলরেডি কাজ করছেন। এখন ফুটপাত থেকে যদি হকার তুলে দেই, তাহলে উনাদেরকে তো কর্মহীন করলে হবে না। তাহলে এখানে কী করতে হবে? সবাই সমন্বিতভাবে বসে আমরা উনাদেরকে যেখান থেকে তুলব, প্রতিস্থাপন কোথায় করব এই ব্যবস্থাটা সম্মিলিত একটি সিদ্ধান্তের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে যারা হকার আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না। কিন্তু মোটা দাগে নগরবাসীসহ নগরে যারা ব্যবসা–বাণিজ্যের জন্য আসেন, তারা সকলে উপকৃত হবেন। এটা একটি উদাহরণ দিলাম।
তিনি বলেন, পার্কিংয়ের সমস্যা–এটা একটা বাস্তব সমস্যা। সিএমপি কমিশনার সাহেব আছেন, চসিক প্রশাসকও আছেন। পার্কিংয়ের টিকিট কিন্তু অহরহ দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে না? কিন্তু নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নাই। এখন আমি যদি একজন নাগরিক হতাম, আমি কিন্তু সরকারের বিরুদ্ধে একটা রিট করতাম যে, আপনি আমাকে পার্কিং টিকিট দিচ্ছেন, কিন্তু এই এলাকায় আমি গাড়ি পার্কিং কোথায় করব সেই ব্যবস্থা তো করে দিচ্ছেন না।
চসিক প্রশাসকের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, উনার দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে এটাই, ডা. শাহাদাত হোসেন যেহেতু সব সময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন, জনগণের কাতারে থেকেছেন, এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন, সেটা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পেশাগতভাবে হোক এবং মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পরে হোক। উনি নগরবাসীকে সেবা প্রদানের লক্ষ্যে কাজ করছেন এবং এই লক্ষ্য উনার প্রতিটি কর্মকাণ্ডে উনি প্রতিফলিত করেছেন। ডা. শাহাদাত সাহেব তার পূর্ববর্তী সময়ে অর্থাৎ তার দু বছর আগের থেকে বা দেড় বছর আগের থেকে যে কর্মকাণ্ডগুলো করেছেন, সেটিই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির যে মিশন এবং ভিশন, সেটারই একটি প্রতিফলন।
মীর হেলাল বলেন, ড. শাহাদাত হোসেন আজকে এই চেয়ারে বসার আগে ছাত্রদল, বিএনপি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন এবং সবচেয়ে ইম্পর্ট্যান্টলি উনি জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় ব্যক্তি তারেক রহমান মানবিকভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য কী করতে চান সেটা উনি অনুধাবন করেছেন এবং সেই লক্ষ্যেই উনি আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন এবং যাচ্ছেন।
তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি নিয়ে কথা হচ্ছে। আজকে ভিসি সাহেব বললেন, এই যে প্রতিষ্ঠানটাকে লুটপাট করে নিজের বাপের সম্পত্তি মনে করে, সাবেক এক অবৈধ মন্ত্রী এতদিন ধরে দখল করে রেখেছিল, সেটি আবার সিটি কর্পোরেশন অবমুক্ত করে জনগণের স্বার্থে, নগরবাসীর স্বার্থে ফেরত দিয়েছে।
অন্যরা যা বললেন : আবু সুফিয়ান এমপি বলেন, ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে চট্টগ্রামকে সুন্দর করার জন্য, চট্টগ্রাম মহানগরীর মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আগামীতে চট্টগ্রামে আমরা আশা করব তার সেই কাজের মূল্যায়ন আমার দল এবং চট্টগ্রামের জনগণ করবে।
ইসরাফিল খসরু বলেন, চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে কেবল জনপ্রতিনিধিদের ওপর নির্ভরশীল না থেকে নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে। সেফ, ক্লিন, হেলদি ও গ্রিন চট্টগ্রামের পাশাপাশি আমাদের একটি ইউনাইটেড বা একতাবদ্ধ চট্টগ্রাম গড়ে তুলতে হবে। সবাই মিলেমিশে কাজ করলেই কেবল চট্টগ্রামের প্রকৃত উন্নয়ন সম্ভব।
তিনি বলেন, দুই বছর দৃশ্যমান বড় কোনো উন্নয়নের জন্য দীর্ঘ সময় না হলেও একজন মানুষের নিয়ত বা সদিচ্ছা বোঝার জন্য যথেষ্ট। মেয়র ডা. শাহাদাত হোসেন অত্যন্ত সংকটময় ও জটিল সময়ে দায়িত্ব নিয়েছিলেন। গত দুই বছরে প্রতিটি ওয়ার্ডে ফোকাস দিয়ে তিনি যেভাবে আন্তরিকতা ও শ্রম দিয়ে কাজ করছেন, তাতে চট্টগ্রামের উন্নয়নে তার সদিচ্ছা স্পষ্ট প্রমাণিত হয়েছে। সিটি করপোরেশনের মেয়রের পদকে একটি ‘থ্যাংকলেস জব’ অভিহিত করে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে ভালো কাজ করলেও নানা সমালোচনা ও ভর্ৎসনার শিকার হতে হয়। তবে শাহাদাত হোসেন সমালোচনার জবাব দিচ্ছেন তার কাজের মাধ্যমে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, স্মার্ট সিটি গড়ার যে প্রত্যয় সেখানে সিএমপি অন্যতম স্টেকহোল্ডার। সেফ সিটি করার জন্য আমরা সব সময় সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করি। তিনি বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে যৌথ একটা মেগা প্রকল্প, সেটি হলো চট্টগ্রাম শহরকে স্মার্ট সিটি করা। স্মার্ট সিটির একটি পোরশন হলো, এআই–বেজড যে ট্রাফিক সিস্টেম চালু করা, চট্টগ্রাম মহানগরে যেটি সিএমপিতে চালু রয়েছে। এটার লক্ষ্যে সিএমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমন্বয় করে কাজটি করে যাচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়তোবা দৃশ্যমান থাকেন না, কিন্তু বিভিন্নভাবেই তিনি (শাহাদাত) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন এবং আমাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা এবং সমর্থন প্রদান করেছেন। আমরা সবাই তার যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো রয়েছে সেটার সাথে একাত্ম হই এবং সুন্দর সেফ, গ্রিন, হেলদি চট্টগ্রাম নগরী গড়ে তুলতে সবাই এগিয়ে যাই।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন যানজটমুক্ত ও সবুজ চট্টগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (চট্টগ্রাম) মনোয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।