যশোরের মণিরামপুরে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে অসুস্থ হয়ে মারা গেছেন রজব হালদার (৭৬) নামে এক বৃদ্ধ। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কোনাকোলা বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রজব হালদার উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের খাল বাটবিলা গ্রামের মৃত সাবির হালদারের ছেলে।জানা গেছে, রজব হালদার ছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। বসতভিটা ছাড়া তাঁর আর কোনো জমিজমা ছিল না। জীবিকার তাগিদে দীর্ঘদিন অভয়নগরের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়সের ভারে সেই কাজও একসময় বন্ধ হয়ে যায়।
এরপর শেষ বয়সে বয়স্ক ভাতার সামান্য অর্থই হয়ে ওঠে তাঁর বেঁচে থাকার অন্যতম অবলম্বন।প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান জানান, সোমবার সকালে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য কোনাকোলা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় আসেন রজব হালদার। টাকা উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের অপেক্ষা করছিলেন তিনি। একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করলে পাশের একটি ভ্যানের ওপর গিয়ে শুয়ে পড়েন।
পরে স্থানীয় পল্লীচিকিৎসক মো. তাজাম্মুল ইসলাম ঘটনাস্থলে এসে তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।দুর্বাডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নরিম মালি বলেন, “রজব হালদার অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। বয়স্ক ভাতার সামান্য টাকাটাই ছিল তাঁর বেঁচে থাকার বড় অবলম্বন। ভাতার টাকা তুলতে এসে এভাবে লাইনে দাঁড়ানো অবস্থায় তাঁর মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।”প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান বলেন, “চোখের সামনে মানুষটি লাইনে দাঁড়িয়ে ছিলেন একটু ভাতার টাকার আশায়।
কে জানত, এই অপেক্ষাই তাঁর জীবনের শেষ অপেক্ষা হবে! তাঁর আকস্মিক মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”বয়স্ক ভাতার টাকা তুলতে এসে এক অসহায় বৃদ্ধের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় কোনাকোলা বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।