বাগেরহাটের চিতলমারী উপজেলায় শাকিলা আক্তার (১৯) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের বাপের বাড়ির পরিবারের পক্ষ থেকে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জোরালো অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত শাকিলা আক্তার চিতলমারী উপজেলার চরকচুরিয়া গ্রামের শেখ হাফিজুর রহমানের স্ত্রী এবং একই উপজেলার বারাসিয়া গ্রামের নিয়ামত আলী ও রিক্তা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে শাকিলা আক্তারের সঙ্গে শেখ হাফিজুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তিনি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শাকিলার মৃত্যুর পর তাঁর স্বামী শেখ হাফিজুর রহমান বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন বলে দাবি করেছে নিহতের পরিবার। স্বামীর এই রহস্যজনক পলাতক জীবন কাটানোর বিষয়টি তাঁদের সন্দেহকে আরও ঘনীভূত করেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শাকিলার বাবা-মা।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শাকিলার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রতিবেদন পাওয়ার পর সেই অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শাকিলার স্বজনেরা এই মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সুচারু ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।