ঝালকাঠি শহরের বাতাসাপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার ১০০ টাকাসহ অমিত কুমার কংশ বনিক অপু (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাতাসাপট্টি এলাকায় রফিকুল ইসলামের পাঁচতলা ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অমিতকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার অমিত পৌরসভার ৬৯ নম্বর কাসারীপট্টি এলাকার অশোক কুমার কংশ বনিক ও ভারতী কংশ বনিকের ছেলে।
এ ঘটনায় এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় মামলা করেছেন। মামলায় মাদক বিক্রিতে সহযোগিতার অভিযোগে মো. মিজানুর রহমান (৩৭) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।