খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে দীঘিনালা সাংবাদিক ইউনিটি।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইউনিটির সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দির নেতৃত্বে সংগঠনের সদস্যরা ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতারা নবাগত ইউএনওকে দীঘিনালায় স্বাগত জানান এবং তাঁর কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাসে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি দীঘিনালার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন। এ সময় দীঘিনালা সাংবাদিক ইউনিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।