জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি কার্যক্রমের গুণগত মানোন্নয়ন এবং বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফেনী জেলা সফর করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে তিনি ফেনী জেলায় আগমন করেন। সফরকালে তিনি বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রসহ ফেনী জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় ও স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শন করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রিজার্ভ অফিস, অস্ত্রাগার, রেশন স্টোর, মোটরযান শাখা, পুলিশ হাসপাতাল, ডি-স্টোর, সি-স্টোর, পুলিশ অফিস, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি) ও ট্রাফিক বিভাগ।
পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট শাখাগুলোর সার্বিক কার্যক্রম ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের আবাসন, চিকিৎসা, রেশনসহ বিভিন্ন কল্যাণমূলক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনবান্ধব পুলিশিং জোরদার, পুলিশি সেবার মান বৃদ্ধি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।