দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়া উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক পরিবারকে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি (MOP) সার এবং ১০ কেজি ডিএপি (DAP) সার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়তা করবে এবং সরিষাসহ রবি ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই সহায়তা কৃষকদের অনাবাদি বা পতিত জমি আবাদে আরও বেশি উৎসাহিত করবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক প্রভাব ফেলবে।