নওগাঁর রাণীনগরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে রোজা মনি নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের হাদিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজা মনি ওই গ্রামের আলামিনের মেয়ে। তার বাবা পেশায় একজন শ্রমিক। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পাশের পুকুরে চার থেকে পাঁচজন গোসল করছিলেন। এ সময় শিশু রোজা মনি পুকুরের ধারে নেমে পানি নিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন উপস্থিত লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। এদিকে সাড়ে চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।