সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকায় এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল অভিযান দুটি পরিচালনা করে।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জামালপুর এলাকার একটি পাকা সড়কে প্রথম অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলের সিটে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে বস্তা তল্লাশি করে ১ হাজার ৬৮০ প্যাকেটে ৪২ হাজার পিস ভারতীয় বিড়ি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৫) এবং ইসলামপুর গ্রামের মৃত তুফান আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬০)।
একই দিন সকাল সাড়ে ১১টার দিকে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকার একটি পাকা সড়কে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা দুটি বস্তা থেকে ৩ হাজার ৩৫৮ প্যাকেটে ৮৩ হাজার ৯৫০ পিস ভারতীয় বিড়ি এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বসন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রফিকুল (৩৮), মধ্য কাপনা গ্রামের মৃত কাদিরের ছেলে আমির হোসেন (২৭) এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে সারোয়ার আহমেদ (২০)।
এসআরবি সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ভারতীয় বিড়ি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দ করা মালামাল বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯ জানিয়েছে, অপরাধ দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।