নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নিখোঁজের এক দিনের বেশি সময় পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী সুরমা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। রাত আনুমানিক ১১টার পর থেকে পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন তারা। প্রিয়জনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, নদীতে ভাসমান অবস্থায় শিক্ষকের মরদেহ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।