রেলপথে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদারে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশফিকুর রহমান এবং গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ হানিফ আলীর সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় রেললাইন, রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।
সভায় রেলপথ ও যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সব বাহিনীর সদস্যদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।