কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব দেখা যায়নি রাজধানী ঢাকায়। বৃহস্পতিবার সকাল থেকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে নগরীর যান চলাচল ও জনজীবন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে নগরবাসীকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর ফার্মগেট, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর-১ ও ১০, গুলশান, বনানী, হাতিরঝিল ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এসব এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করেছে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা। কোথাও কোথাও যানজটও দেখা গেছে।
সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। বিভিন্ন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে মানুষের স্বাভাবিক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
তেজগাঁও জোনের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা জানান, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে শীত ও বৃষ্টির কারণে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে এবং স্বাভাবিকভাবেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে প্রতিষ্ঠানগুলোতে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে দিনের শুরুতে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কোথাও যানজট সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মসূচি ঘিরে নানা আলোচনা থাকলেও রাজধানীর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে যান চলাচল, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম।