মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ৩৪টি কম্পিউটার ও দুটি ল্যাপটপের মূল্যবান যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রতিষ্ঠানের কক্ষের তালা ভেঙে এসব যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। চুরির এ ঘটনা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।
বুধবার সকালে বিষয়টি জানাজানি হলে প্রশিক্ষণ কেন্দ্রজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। একসঙ্গে বিপুলসংখ্যক কম্পিউটার ও ল্যাপটপের যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজেরা খাতুন জানান, দুর্বৃত্তরা কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপ এবং ৩৪টি কম্পিউটার থেকে প্রসেসর, হার্ডডিস্কসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে। চুরি হওয়া কম্পিউটারগুলো এইচপি ব্র্যান্ডের অল-ইন-ওয়ান মডেলের। প্রতিটি কম্পিউটারের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
তিনি আরও জানান, পুরো প্রতিষ্ঠান সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ঘটনার সময় দুজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। এরপরও কীভাবে এত বিপুলসংখ্যক কম্পিউটার ও ল্যাপটপের যন্ত্রাংশ চুরি হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।