মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবার লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
ঘটনাটি ঘটেছে উপজেলার বরাইদ ইউনিয়নের বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত। তিনি ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।
ভুক্তভোগী শিশুটির বাবা মো. রজ্জব আলী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর সকালে শিশুটি বিদ্যালয়ে গেলে সহকারী শিক্ষক শাহ আলম (৪০) তার হাত ধরে বিভিন্ন ধরনের প্রলোভন দেখান। পরে বিদ্যালয়ের পুরোনো একটি ভবনে নিয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটি বিষয়টি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বললে শিক্ষক তাকে ছেড়ে দেন। তবে এ ঘটনা কাউকে না জানাতে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে কথা বলেছেন। এ ছাড়া বিদ্যালয়ের আরও কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেও ঘটনার বিষয়ে তথ্য পেয়েছেন। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানোর পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে আবেদন করেছেন।
তবে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাকে ফাঁসানোর জন্য পাঁয়তারা করা হচ্ছে।
শিশুটির বাবা মো. রজ্জব আলী বলেন, তার মেয়ের সঙ্গে এমন ঘটনার জন্য দায়ী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার বলেন, অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।