মানিকগঞ্জের সিংগাইরে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে পাঁচ দোকান মালিককে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।
অর্থদণ্ডপ্রাপ্ত মাংসের দোকানের মালিক হলেন আইনাল হক ও মোহাম্মদ আলী। অন্যদিকে, জরিমানার আওতায় আসা তিনটি মিষ্টির দোকান হলো কালা চান মিষ্টান্ন ভান্ডার, নিমাই চান মিষ্টান্ন ভান্ডার ও রাজীব সুইটস।
অভিযানকালে দুটি মাংসের দোকানে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং তিনটি মিষ্টির দোকানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে প্রত্যেক দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী দুটি মাংসের দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।