আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় কাজের সঙ্গে যুক্ত হলেন ভারতীয় অভিনেতা আলি ফজল। এবার বিখ্যাত সাহিত্যিক ই এম ফস্টারের কালজয়ী উপন্যাস ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’ অবলম্বনে নির্মিতব্য নতুন সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) যৌথ প্রযোজনায় নির্মিত পাঁচ পর্বের এই সিরিজে ডক্টর আজিজ চরিত্রে দেখা যাবে আলি ফজলকে। সিরিজটির পরিচালনা ও চিত্রনাট্য লিখছেন এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা। ভারতে সিরিজটির শুটিং হবে। এতে ভারতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি করা হচ্ছে অভিনয়শিল্পীদের দল।
১৯২০-এর দশকের ঔপনিবেশিক ভারতের পটভূমিতে আবর্তিত হবে সিরিজটির গল্প। এর কেন্দ্রীয় চরিত্র ভারতীয় চিকিৎসক ডক্টর আজিজ। সাংস্কৃতিক বিভেদ পেরিয়ে মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় বিশ্বাস করেন তিনি। কিন্তু একটি বিতর্কিত ঘটনা তার জীবনের গতিপথ বদলে দেয়। ঘটনাটি গড়ায় আইনি লড়াইয়ে। এর মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজের জাতিগত বিদ্বেষ, ক্ষমতার দাপট ও বৈষম্যের নানা দিক উঠে আসবে গল্পে।
এই সংঘাতের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়বে একাধিক মানুষের জীবন। ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি তৎকালীন ঔপনিবেশিক সমাজব্যবস্থার নানা বাস্তবতাও উঠে আসবে সিরিজটিতে। আন্তর্জাতিক প্রযোজনায় কাজের অভিজ্ঞতা আলি ফজলের জন্য অবশ্য নতুন নয়। এর আগে ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান তিনি।
পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করে উপমহাদেশের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এই অভিনেতা। ই এম ফস্টারের কালজয়ী উপন্যাসের পর্দার রূপান্তরে প্রধান চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলি ফজলের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে।