এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। পরে সকাল ৯টার দিকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট এয়ারফিল্ডে পৌঁছানোর পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

পরে লালমনিরহাট সার্কিট হাউসে কিছু সময় বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।