সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ব্যাংকের দুটি কাঠের দরজা পুড়ে গেছে এবং কিছু বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফ জানান, রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকের কর্মচারী ও পাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে ব্যাংকের দুটি কাঠের দরজা পুড়ে যায় এবং কিছু বৈদ্যুতিক তার নষ্ট হয়।
গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় বলেন, ঘটনাটি শোনার পর সকালেই আমি তাহিরপুর গ্রামীণ ব্যাংকের শাখায় এসেছি। এ ব্যাপারে তাহিরপুর থানার পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুলিশ আইনগতভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং অগ্নিসংযোগের প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। ব্যাংকের নিরাপত্তা এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।