সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গ্রেফতার দুজনকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান পরিচালনা করেন। পরে তাকে থানায় নেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর নাহিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করা হয়। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার মো. ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের কথা জানানো হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপকে ঘিরে আলোচনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা আন্দোলনবিরোধী বিভিন্ন প্রচার-প্রচারণায় যুক্ত ছিলেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও গ্রুপটির আলোচনায় দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক থানায় মামলাও হয়েছে।