অভিযোগ তদন্তের দায়িত্ব সিআইডিকে দিলেন আদালত
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলমের আদালতের নির্দেশে শ্রীমঙ্গল রেলওয়ে থানা বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)/২৫(ঘ) ধারায় এ মামলা রুজু করে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় মামলাটি তদন্তের দায়িত্ব সিআইডি, হবিগঞ্জকে দিয়েছেন আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, হবিগঞ্জের নয়টি উপজেলার মানুষের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। এ স্টেশন দিয়ে ঢাকা-সিলেট রুটে পারাবত, জয়ন্তিকা, কালনী ও উপবন এজপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন এজপ্রেস চলাচল করে। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এ স্টেশন ব্যবহার করেন।
অভিযোগ রয়েছে, প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও সাধারণ যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন না। বিশেষ করে টিকিট নির্বাচনের পর পেমেন্টের ধাপে ওয়েবসাইট বারবার রিফ্রেশ হওয়ার কারণে অনেকের টিকিট হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে, অনলাইনে টিকিট না পাওয়া গেলেও শায়েস্তাগঞ্জ স্টেশনের কাউন্টারের সামনে অসাধু ব্যক্তিদের কাছে বিভিন্ন শ্রেণির টিকিট পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। তবে এসব টিকিট কিনতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত টাকা গুনতে হয় যাত্রীদের। এমনকি শায়েস্তাগঞ্জের কাঙ্খিত গন্তব্যের টিকিট না থাকলেও শমসেরনগর, কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, মাইজগাঁও, সিলেট, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা ও আজমপুর স্টেশনের টিকিট সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করে কালোবাজারি চক্র।
এজাহারে উল্লেখ করা হয়, নির্ধারিত দিনে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে বিপুলসংখ্যক টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আদালত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। আদালতের নির্দেশনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানার জিডি নং-১২৩, তারিখ ১৭ নভেম্বর ২০২৬-এর সূত্র ধরে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী জিন্নাহ সঙ্গীয় কনস্টেবল রবিউলসহ শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সরেজমিন অনুসন্ধান করেন। এ সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, যাত্রীদের বক্তব্য ও স্থানীয় তথ্য পর্যালোচনা করে টিকিট কালোবাজারির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।
রেলওয়ে পুলিশের এজাহারে আরও বলা হয়, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ৮টা থেকে শায়েস্তাগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ও তিনগুণ দামে টিকিট বিক্রির তথ্য যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ভুয়া আইডি ব্যবহার করে টিকিট সংগ্রহ এবং পরস্পর যোগসাজশে বেশি দামে বিক্রি করে আসছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া যায়।
এ ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানায় এজাহার দায়ের করা হয়। আদালত মামলার গুরুত্ব ও অপরাধের প্রকৃতি বিবেচনায় অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য হবিগঞ্জ সিআইডিকে নির্দেশ দিয়েছেন।