মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ২নং বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া (হরমুজের কান্দি) এলাকার যুবসমাজের মাঝে জার্সি উপহার দিয়েছেন আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান সরকার।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং ক্রীড়াঙ্গনে নিয়মিত সম্পৃক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জার্সি বিতরণকালে সংশ্লিষ্টরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নেওয়াই এই কার্যক্রমের মূল লক্ষ্য।
পাশাপাশি এলাকায় নির্মল বিনোদনের পরিবেশ তৈরি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়। নতুন জার্সি হাতে পেয়ে ছোট রায়পাড়া ও হরমুজের কান্দি এলাকার তরুণ এবং ক্রীড়ামোদী যুবকদের মাঝে উচ্ছ্বাস ও সন্তোষ দেখা যায়। স্থানীয়দের মতে, এ ধরনের ক্রীড়াভিত্তিক উদ্যোগ এলাকার যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।