খুলনার কয়রায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ১২ ঘণ্টার মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেনকে বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই কৃষি কর্মকর্তা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন।
ফারুক হোসেন কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, মুক্তিযোদ্ধার সন্তান হওয়া এবং দুর্নীতির প্রতিবাদ করার কারণে তাঁর এ পরিণতি হয়েছে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে তাঁকে বদলি করা হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। এ সময় অসুস্থ বাবার চিকিৎসা ও পারিবারিক দুর্দশার কথাও তুলে ধরেন।
তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে এবং কোন দুর্নীতির বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ফারুক হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি