গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা থানায় হামলা চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার দুপুরের দিকে লাঠিসোঁটা নিয়ে একদল লোক থানায় প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। পরে থানা ভবনের বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। থানার চত্বরে থাকা সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের দৃশ্য দেখা গেছে। একটি ভিডিওতে আগুন দেওয়ার পর কয়েকজনকে উল্লাস ও ভিডিও ধারণ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে কয়েক শ নেতা-কর্মী থানার চত্বরে থাকা গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর করছেন বলে দেখা যায়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, থানায় আগুন দেওয়া হয়েছে এবং কয়েকটি গাড়ি পুড়ে গেছে। কিছু মোটরসাইকেলও সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য হতাহত হননি।

এদিকে মুকসুদপুর উপজেলার তিনটি গ্রামীণ ব্যাংক কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন। পরে তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় শহরের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজনের হাতে লাঠি, রামদা, কুড়াল, ঢাল ও সড়কিসহ দেশীয় অস্ত্র দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

এ ছাড়া দুপুরের দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তাঁর স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

দুপুর ১২টার দিকে কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতেও ভাঙচুর চালানো হয়।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের শহরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ায় সাবেক সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।