সিরাজগঞ্জের কামারখন্দে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে উধাও স্ত্রী বিপাকে স্বামী। গত ২১ দিন ধরে নিখোঁজ রয়েছেন স্বপ্না(৩৫) বেগম নামে এক গৃহবধূ। তবে পরিবারের দাবি, তিনি নিখোঁজ নন; বরং স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ টাকা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর স্বামী।
স্বপ্না বেগম কামারখন্দ উপজেলার বড়কুড়া পশ্চিমপাড়ার ভ্যানচালক সুলতান সেখের স্ত্রী এবং একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল প্রামানিকের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে বাড়ি থেকে বের হন স্বপ্না। এর আগে মেয়েকে বিয়ের জন্য দেখতে আসবে—এমন কথা বলে তাঁর ননদ ও প্রতিবেশী জায়ের কাছ থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নেন তিনি। পাশাপাশি তাঁর আরও দুই জা ও এক প্রতিবেশীর কাছ থেকে প্রায় ২ লাখ টাকা ধার নেন। এরপর এসব টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, ২১দিন পার হলেও স্বপ্নার সন্ধান না মেলায় উদ্বেগ ও হতাশায় দিন কাটছে তাঁর স্বামী সুলতান সেখের। অন্যদিকে, যাঁদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার নেওয়া হয়েছে, তাঁরা প্রতিদিন বাড়িতে এসে পাওনা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। এতে চরম বিপাকে পড়েছেন ভ্যানচালক সুলতান সেখ।
সুলতান সেখ বলেন, “আমার স্ত্রীই আমার একমাত্র সম্বল। তাঁকে খুঁজে না পেয়ে আমি খুব হতাশার মধ্যে রয়েছি। তিনি যাওয়ার আগে যাঁদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়েছেন, তাঁরা প্রতিদিন বাড়িতে এসে চাপ দিচ্ছেন। আমি চাই, আমার স্ত্রী ফিরে আসুক। আপনারা আমার স্ত্রীকে খুঁজে পেতে সহযোগিতা করুন।”
স্বপ্না বেগমের মায়ের সঙ্গে কথা হলে তিনি জানান, মেয়ের সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ নেই। থানায় জিডি করার বিষয়টি তিনি শুনেছেন এবং পুলিশ তাঁদের বাড়িতেও এসেছিল।
তিনি বলেন, “আমার স্বামী নেই। মেয়েকে নিয়ে চিন্তায় আছি। আমিও তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। তবে মেয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। তাই এ বিষয়ে সরাসরি কিছু বলতে পারছি না।”
এদিকে, স্বপ্না বেগমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ গৃহবধূর সন্ধান ও ফিরে আসার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের।