নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পাটগ্রাম মোড় প্রদক্ষিণ শেষে উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চাতক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরউদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আশিকুজ্জামান শিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছেন।