আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে সুনামগঞ্জের চার উপজেলায় ২৫টি ইউনিয়নে নির্বাচনের তালিকা প্রকাশের খবর পাওয়া গেছে। এর মধ্যে তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নও প্রথম ধাপের নির্বাচনের তালিকায় রয়েছে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
তাহিরপুর উপজেলার নির্বাচনের তালিকায় থাকা সাতটি ইউনিয়ন হলো—
১. উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ ২. দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ ৩. দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদ ৪. উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ ৫. বাদাঘাট ইউনিয়ন পরিষদ ৬. তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ ৭. বালিজুরী ইউনিয়ন পরিষদ
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোটের প্রায় ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে একই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে দীর্ঘদিন পর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে আসায় স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আগ্রহ বাড়ছে।