খড়িবাড়ী বাজারের তিন দোকান থেকে জব্দ করা সারের বিক্রি চলছে; প্রাথমিক ধারণা ৫ হাজারের বেশি বস্তা নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজারে অভিযান চালিয়ে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি ও বিতরণ করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুনের উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খড়িবাড়ী বাজারের মোট তিনটি দোকান থেকে জব্দ করা সার কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে। জব্দ করা সার বিক্রির মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মজুতের বিরুদ্ধে প্রশাসনের পদক্ষেপের বিষয়টিও সামনে এসেছে।
প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানিয়েছেন, জব্দ করা সার বিক্রি করে প্রাপ্ত সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনটি দোকান থেকে জব্দ করা সারের পরিমাণ ৫ হাজারের বেশি বস্তা হতে পারে। তবে সারের প্রকৃত বস্তার সংখ্যা এবং বিক্রি থেকে প্রাপ্ত মোট টাকার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। বিক্রি সম্পন্ন হওয়ার পর মোট কত বস্তা সার বিক্রি হয়েছে এবং কত টাকা আদায় হয়েছে, তা হিসাব-নিকাশ ও যাচাই শেষে নিশ্চিতভাবে জানানো হবে।
সারের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রি রোধে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। কৃষকদের স্বার্থে সারের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।