আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পত্নীতলা উপজেলা এবং নজিপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত ও নৈরাজ্যের প্রতিবাদে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুত্বপূর্ণ স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাইজিদ হোসেন শাহিন, আবু তাহের চৌধুরী, ভিপি মন্টু এবং সাবেক মেয়র আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে ঘোষিত লকডাউন কর্মসূচিকে জনস্বার্থবিরোধী ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হিসেবে অভিহিত করেন। তারা বলেন, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক কর্মকাণ্ড সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।