মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে দুটি ইটভাটা এবং একটি পেপার মিলকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ভাটেরচর ও বালুয়াকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশের ক্ষতি ও বায়ুদূষণের অভিযোগে বড় ভাটেরচরের মেসার্স কুতুবিয়া ব্রিকস এবং ভাটেরচরের এন.এন.এম ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বালুয়াকান্দি এলাকার আর এস পেপার মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন। পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।