চার তরিকার মহান মোর্শেদ, সোনারগাঁও পরগনার হাদী ও মুবাল্লিগে ইসলাম শাহ সূফী হযরত মাওলানা নূরুল ইসলাম লালপুরী (রা.)-এর ৫৩তম ওফাত দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নূনেরটেকের লালপুরী দরবার শরীফে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী তরিকত মহা সম্মেলন। বৃহস্পতিবার (১১ অগ্রহায়ণ) থেকে শুরু হওয়া এ আয়োজনকে কেন্দ্র করে সোনারগাঁয়ের প্রত্যন্ত চরাঞ্চল নূনেরটেক ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম দিন পবিত্র কোরআন খতম, ওয়াজ মাহফিল, তরিকতের বয়ান ও সামা গানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে ভক্ত ও আশেকানদের মধ্যে তবারক বিতরণ করা হবে।
লালপুরী দরবার শরীফের গদীনশীন পীর হযরত মাওলানা খাজা মুঈনুদ্দীন চিশতীর সভাপতিত্বে এবং মাওলানা সাকিব লালপুরীর সঞ্চালনায় সপ্তাহব্যাপী এ সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন মুফতী আব্দুল কাদির মামুন, পীরজাদা ফজল মোহাম্মদ ওয়েজ কারনী, হানজালা শাহ ও বাহলুল শাহসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা। সম্মেলনের সমাপনী পর্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা নাঈম মোহাম্মদ জাকারিয়া শাহ।
ওফাত দিবস ও তরিকত সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশেকান ও তরিকাপন্থী লোকজন নূনেরটেকে আসতে শুরু করেছেন। দূরদূরান্ত থেকে স্বজনদের আগমনে চরাঞ্চলের বাড়িঘরগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে। পাশাপাশি সম্মেলনস্থল ও আশপাশের এলাকায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয়দের কাছে এ আয়োজন ‘লালপুরীর মেলা’ কিংবা ‘উরস’ নামেও পরিচিত।
মাওলানা লালপুরীর জীবন ও কর্ম
মাওলানা নূরুল ইসলাম লালপুরী (রা.) ১৩০৬ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন লালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুন্সী মো. ইদ্রিস আলী ফরাজী এবং মাতা উম্মে আলফা হুসাইনী বিবি। তাঁর পিতামহ মৌলভী জাহাঁ বকশ ফরাজী ছিলেন লালপুর গ্রামের একজন প্রখ্যাত আধ্যাত্মিক মুরুব্বি ও পীর। পূর্ববাংলার স্বাধিকার সংগ্রামী হাজী শরীয়তুল্লাহর ফরায়েজী আন্দোলনে যুক্ত থাকার কারণে তাঁর পরিবার ‘ফরাজী’ নামে পরিচিতি লাভ করে।
যে সময়ে আলেম সমাজের একটি অংশ জ্ঞানচর্চার মাধ্যম হিসেবে উর্দু ও ফারসি ভাষাকে প্রাধান্য দিতেন, সে সময়ে মাওলানা লালপুরী সহজ-সরল বাংলা ভাষায় ওয়াজ-নসিহত, লেখালেখি ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ ও পুস্তিকার মধ্যে রয়েছে—‘মোমেনের সম্বল’ (১৯৫০), ‘নয়া জমানার দাওয়াত’ (১৯৫২), ‘তবলীগ শিক্ষা’ (১৯৫৫), ‘ইসলাম প্রচার শিক্ষা’ (১৯৬৬), ‘বুনিয়াদে ইসলাম’ (১৯৬৮), ‘কলেমা তৈয়ব’ (১৯৬৯), ‘রমজানের ফজিলত’ (১৯৭০) এবং ‘কবরের পথে’ (১৯৭২)।
দাওয়াতি সফরকালে মাধবদী বড় মসজিদের মিনারসংলগ্ন বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হন মাওলানা লালপুরী (রা.)। এরপর নূনেরটেকের অস্থায়ী আস্তানায় টানা ৪০ দিন অসুস্থ থাকার পর ১৩৮০ বঙ্গাব্দের ১১ অগ্রহায়ণ, ১ জিলক্বদ ১৩৮৩ হিজরি, ১৯৭৩ সালের ২৭ নভেম্বর মঙ্গলবার বাদ আসর তিনি ইন্তেকাল করেন।
তাঁর অসিয়ত অনুযায়ী ইন্তেকালের তিন দিন পর বৃহস্পতিবার নূনেরটেকে তাঁর পিনিসের পাশের জমিতে তাঁকে দাফন করা হয়। পরবর্তীতে ভক্তদের পক্ষ থেকে ওই জমিগুলো তাঁর পরিবারের নামে সাফ কবলা দলিল করে দেওয়া হয়। এরপর থেকেই প্রতিবছর তাঁর ওফাত দিবস উপলক্ষে নূনেরটেকের লালপুরী দরবার শরীফে তরিকত সম্মেলনের আয়োজন হয়ে আসছে।