ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি ও শোডাউন করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে ফেনী জেলা বিএনপির উদ্যোগে সালাম কমিনিটি সেন্টার থেকে শুরু হয়ে ট্র্যাংক রোডে একটি সুসজ্জিত র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
র‍্যালি ও কর্মসূচিতে প্রধান অতিথি ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইয়াকুব নবীসহ জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে টাউন রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এ সময় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশমাতৃকার কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজিত এই র‍্যালি ও মিছিলে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।