নওগাঁর পত্নীতলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে কালী পূজা ও দীপাবলি উৎসব। অন্ধকারকে দূরে ঠেলে আলোর উৎসব উদযাপনের অংশ হিসেবে পত্নীতলার বিভিন্ন পূজা মণ্ডপে সন্ধ্যায় জ্বালানো হয় শত শত মোমবাতি ও মাটির প্রদীপ।
সন্ধ্যা থেকেই পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে নামে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অমাবস্যার এই পবিত্র তিথিতে মা কালীর আরাধনার পাশাপাশি আলো জ্বালিয়ে অশুভ শক্তির বিনাশ এবং আলোর জয় কামনা করা হয়।
সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পত্নীতলার বিভিন্ন মন্দির ও মণ্ডপে পুরোহিতের মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি এবং উলুধ্বনির মধ্য দিয়ে মা কালীর পূজা অর্চণা করা হয়। ভক্তরা দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পূজা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও বৈচিত্র্যময় আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সূচনা ঘটে এবং অনেক স্থানে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
আলোর রোশনাইয়ে মোড়ানো পত্নীতলার এই কালী পূজা ও দীপাবলি উৎসব সকল সম্প্রদায়ের মানুষের মাঝে ছড়িয়ে দেয় সম্প্রীতি ও মিলনের বার্তা।