পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেটা আর ফিরলো না। সকালে জীবিকার তাগিদে বাসে উঠেছিল, দুপুরে ফিরলো লাশ হয়ে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান বরগুনার পরিবহন শ্রমিক মো. সুমন (২৩)। তিনি গ্রিনভিউ পরিবহনের একটি বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
নিহত সুমন বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের আমজেদ মার্কেট এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় গ্রিনভিউ পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে বরিশাল কুয়াকাটা গামী আবির আব্দুল্লাহ বাসের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের ভেতরে থাকা হেলপার সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় দুটি বাসের ৩০ জন আহত হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মরদেহ বরগুনায় আনা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়কে সবাইকে আরও সতর্ক থাকতে হবে, যাতে এ ধরনের দুর্ঘটনায় আর কোনো প্রাণহানি না ঘটে।”
বরগুনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সোহাগ বলেন, “সুমনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি একজন তরুণ পরিবহন শ্রমিক ছিলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতে পরিবহনসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।”
মৃত্যুকালে সুমন স্ত্রী, ছোট এক কন্যাসন্তান ও বাবা-মাকে রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমজেদ মার্কেট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।