ঝিনাইদহে জামায়াত নেতা ও ইসলামী ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর অভিযোগ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৯নভেম্বর) সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজিজুর রহমান জানান, গত ৭ অক্টোবর ঝিনাইদহের আরাপপুর সোনালীপাড়া এলাকার বাসিন্দা ঘটক মিজানুর রহমানের মাধ্যমে শারমিন তানিয়া নামে এক নারীর সঙ্গে বিয়ের প্রস্তাব পান তিনি। পরে ১০ অক্টোবর মকবুল প্লাজার একটি রেস্টুরেন্টে ওই নারীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়। এ সময় তাঁর ছেলেও উপস্থিত ছিলেন। এরপর ২২ অক্টোবর ওই নারীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা করেন। উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে বিয়ের প্রাথমিক সিদ্ধান্তও হয়। এ জন্য কিছু কেনাকাটাও করেন তিনি।
তবে পরবর্তীতে তাঁর সন্তানেরা ঢাকা থেকে বাড়িতে আসার পর বিয়ের বিষয়ে পারিবারিকভাবে আরও আলোচনা হয়। এ সময় তাঁরা সিদ্ধান্ত নিতে আরও সময় চান। বিষয়টি ওই নারীর মামাকেও জানানো হয় বলে দাবি করেন আজিজুর রহমান।
তিনি অভিযোগ করেন, এরপর থেকে শারমিন তানিয়া তাঁকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। বিয়ে না করলে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা, তাঁর ছেলেমেয়েদের বাড়ি থেকে উচ্ছেদ এবং ঝিনাইদহ থেকে বিতাড়িত করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় গত ১৬ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় ওই নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ১০০ থেকে ১৫০ জন লোক নিয়ে শারমিন তানিয়া তাঁর বাড়ির সামনে উপস্থিত হন। এ সময় বাড়ি দখলের চেষ্টা, গেট ভাঙচুর, প্রাণনাশের হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় লোকজনের সামনে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয় বলেও দাবি করেন আজিজুর রহমান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংবাদ সম্মেলনে আজিজুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে তাঁর সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তিনি এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তবে এসব অভিযোগের বিষয়ে শারমিন তানিয়ার বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।