জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। তাঁর এ অর্জনে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মানিকগঞ্জের সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।
সোমবার (৯ নভেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শুরুর আগে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাত উপজেলার ইউএনওরা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পারফরম্যান্সের ভিত্তিতে অক্টোবর মাসে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুন আরা সুলতানা। এ তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে এ সাফল্য মানিকগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। জেলা প্রশাসকের এ অর্জনে জেলার প্রশাসনিক মহলে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।