নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের পশ্চিম দিকের ‘ড’ বগিতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বগির কয়েকটি আসন পুড়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। আগুন লাগার পরও নির্ধারিত যাত্রা বন্ধ হয়নি।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে নেমে যাওয়ার পর ট্রেনটি ফাঁকা হয়ে যায়। এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও সকালের নাশতা করতে বাইরে যান। স্টেশনের নির্জন পরিবেশ ও ট্রেনে লোকজন না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা ট্রেনের পশ্চিম দিকের ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।
হঠাৎ ট্রেনের বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে দ্রুত ছুটে আসেন গার্ড ও রেলওয়ের কর্মীরা। তাঁরা তাৎক্ষণিকভাবে ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে গেলে গার্ড ও কর্মীরাও বাইরে খাবার খেতে যান। ওই সময় ট্রেনে কোনো লোকজন ছিল না। এ সুযোগে দুর্বৃত্তরা ট্রেনের পশ্চিম দিকের ‘ড’ বগিতে আগুন দেয়। আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে গার্ড ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ ঘটনায় ট্রেনের কয়েকটি আসন পুড়ে গেলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। তবে কারা, কী উদ্দেশ্যে ট্রেনে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।