ঝিনাইদহ-৪ আসনে আগামী ১৩ নভেম্বর, শুক্রবার বিকেল ৩টায় কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে একটি মহল এই ধর্মীয় অনুষ্ঠানটি বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বস্ত সূত্রে তারা জানতে পেরেছেন যে মহলটি মাহফিলটি বন্ধের পাঁয়তারা চালাচ্ছে এবং এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজা। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা আবু তালিব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউর রহমান।
এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজকরা বলেন, কোনো মহলের প্ররোচনায় নয়, বরং আইন ও বিধিবিধান অনুসরণ করে একটি শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজনের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রশাসন এই মাহফিল বন্ধ করতে পারবে না এবং কোনোভাবেই গণজোয়ার ঠেকানো যাবে না উল্লেখ করে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সকল বাধা পেরিয়ে এই প্রোগ্রাম বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে দেশবাসী, বিশেষ করে কালীগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে এবং মাহফিলটি সফল করতে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার মোহাঃ আব্দুল হক আমীর।