পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য। বিদ্যালয়ে দায়িত্ব পালনে অনিয়ম, অসদাচরণ ও শিক্ষার পরিবেশ নিয়ে অতীতের অভিযোগের পাশাপাশি তাঁকে জড়িয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত শিক্ষিকার নাম রোকশানা আক্তার। তিনি উপজেলার ১১৯ নম্বর গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার।
১১ নভেম্বর সাংবাদিকদের কাছে মর্জিনা আক্তার জানান, এর আগে বিদ্যালয়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করা ও অসদাচরণের অভিযোগে ২০২৪ সালের ১৩ অক্টোবর বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ১৬৬ জন অভিভাবক রোকশানা আক্তারের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওই অভিযোগের পর তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে অন্য একটি বিদ্যালয়ে ডেপুটেশনে বদলি করেন। এতে বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক হয়, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ে এবং পাঠদান কার্যক্রমে স্বস্তি ফিরে আসে বলে দাবি করেন তিনি।
মর্জিনা আক্তারের ভাষ্য, গত ১৩ অক্টোবর রোকশানা আক্তার পুনরায় ওই বিদ্যালয়ে যোগদান করেন। এরপর বিদ্যালয়ে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তাঁর জানা নেই। অথচ এসব বিষয়কে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করা হয়েছে। নিজের সুনাম ও সম্মানহানির প্রতিবাদ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের দাবিতে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হাসনা বেগমের সঙ্গে কথা হলে তিনি জানান, রোকশানা আক্তার ১৩ অক্টোবর যোগদানের পর ১৪ অক্টোবর, ২৮ অক্টোবর ও ৫ নভেম্বর এক দিন করে এবং ১০ ও ১১ নভেম্বর দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন। এ ছাড়া ২৭ ও ২৯ অক্টোবর সার্ভিস বুক খোঁজার কথা বলে হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় থেকে চলে যান বলে দাবি করেন তিনি। প্রধান শিক্ষকের হিসাব অনুযায়ী, ১৫ কার্যদিবসের মধ্যে সাত দিনই তিনি বিদ্যালয়ের বাইরে ছিলেন।
প্রধান শিক্ষক আরও বলেন, গত ৪ নভেম্বর রোকশানা আক্তার হাতে ক্যানুলা লাগানো অবস্থায় বিদ্যালয়ে আসেন। তাঁকে ছুটি নেওয়া কিংবা আগে থেকে মোবাইল ফোনে জানানোর পরামর্শ দিলেও তিনি কোনো কথা বলেননি। পরে সহকর্মীদের মাধ্যমে তাঁর শ্বাসকষ্টের সমস্যার কথা জানতে পারেন। টিফিনের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে একজন পল্লিচিকিৎসক ডেকে চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাঁর স্বামীর সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে শারীরিক অবস্থার খোঁজ নিতে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি বলে দাবি করেন প্রধান শিক্ষক।
তিনি আরও বলেন, রোকশানা আক্তার যোগদানের পর থেকে অহেতুক নানা জটিলতা তৈরি করছেন, যা তাঁকে মর্মাহত করেছে। মহিলা সদস্য মর্জিনা আক্তার এ পর্যন্ত শিক্ষিকাকে নিয়ে তাঁর সঙ্গে কোনো কথা বলেননি বলেও দাবি করেন তিনি। এ ছাড়া তাঁর বিরুদ্ধেও রোকশানা আক্তার অভিযোগ দিয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন প্রধান শিক্ষক।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম ও রাফিয়া খাতুন বলেন, রোকশানা আক্তার যোগদানের পর প্রধান শিক্ষক কর্তৃক তাঁকে মানসিক নির্যাতনের কোনো ঘটনা তাঁদের চোখে পড়েনি।
অন্যদিকে অভিযোগের বিষয়ে সহকারী শিক্ষক রোকশানা আক্তার বলেন, মর্জিনা আক্তার তাঁর বদলির বিষয়ে মৌখিকভাবে তদবির করেছেন। এ কারণেই তিনি ওই ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, মহিলা সদস্য তাঁকে বলেছিলেন, ‘এত কিছু হওয়ার পরও আবার ওই শিক্ষিকাকে আমাদের স্কুলে দিলেন।’
অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘অভিযোগটি এখনো ভালোভাবে দেখা হয়নি। অভিযোগটি পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’