বগুড়ার শিবগঞ্জ পৌরসভা কলুমগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষের ভ্যান্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ১২টি বেঞ্চ, বৈদ্যুতিক সরঞ্জাম, পাইপসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, গত ১১ নভেম্বর বৈকাল সোয়া ৪টার দিকে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ তালাবদ্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন ১২ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে চুরির খবর পেয়ে প্রতিষ্ঠানে গিয়ে একটি শ্রেণী কক্ষের ভ্যান্টিলেটর ভাঙ্গা অবস্থায় দেখতে পান। পরে কক্ষের ভেতরে থাকা ১২টি বেঞ্চ, বৈদ্যুতিক সরঞ্জাম ও পাইপসহ বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
অভিযোগ সূত্রে জানা যায়, চুরি হওয়া বেঞ্চগুলোর আনুমানিক মূল্য ১০ হাজার টাকা এবং বৈদ্যুতিক সরঞ্জাম ও পাইপের দাম প্রায় ৫ হাজার টাকা। এ ছাড়া আরও কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে তাদের ব্যবহৃত একটি প্লাস ও একটি সোয়েটার পড়ে ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, এর আগেও পবিত্র রমজান মাসে এবং প্রায় দুই মাস আগে বিদ্যালয়টিতে চুরির ঘটনা ঘটে। একই প্রতিষ্ঠানে বারবার এমন ঘটনায় শিক্ষা উপকরণ ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান বলেন,এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।