হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিয়োগপ্রাপ্ত ১৪ জন স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপারদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবনিয়োগপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাঁদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, নবনিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপারদের যোগদানের মাধ্যমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছি। সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষ যেন কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা একটি মানবিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, টিকাদান কার্যক্রম এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সুষ্ঠু সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্টোর কিপারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। নবাগতদের কর্মদক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে বাহুবলের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং নবনিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী ও স্টোর কিপাররা উপস্থিত ছিলেন।