কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণে দেশব্যাপী নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। তিনি বলেন, কৃষিকে লাভজনক করা এবং কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব প্রকল্প নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের উন্নয়নকাজ উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রকল্পটির আওতায় ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন করা হবে। এতে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের সাত হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।
প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, ফসলি জমির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিকে আরও সমৃদ্ধ করতে পানিসম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্পহাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপন করা হবে।
সংশ্লিষ্টদের আশা, প্রকল্পের কাজ শেষ হলে তিনটি ইউনিয়নের কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়বে। উন্নত হবে স্থানীয় সেচ অবকাঠামো, বাড়বে কৃষি উৎপাদন এবং কৃষকের ফসল ফলানোর সক্ষমতা।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।